বুধবার, ১ জুন, ২০১৬

অসুখের কোরিওগ্রাফ ~ শুভদীপ মাইতি

শুনেছি অসুখের সাথে ভালোবাসার একটি গভীর সম্পর্ক আছে।
পশ্চিমের বারান্দা থেকে ভোরের আলো মুছে যেতে দেখলে
আমি ঘরবন্দী নিজেকে প্রশ্ন করি-
ভালো আছো?
উত্তরে অবশ্যম্ভাবী 'না' টি শোনার অপেক্ষা না করে
আনমনে বলি-
ভোরের আলোর মত স্নিগ্ধতাকে ভালোবাসা ভুল।
ক্ষণস্থায়ী কোনো কিছুকে ভালোবাসা ভুল।
ভালোবাসার সাথে অসুখের জলজ্যান্ত উদাহরণ তখন
পশ্চিমের বারান্দা হাতড়ে ভোরের আলো খুঁজতে চায়।
খুঁজতে চায় আরও একটু ভোরের আলো,
খুঁজতে চায় আরও একটু ভালোবাসার স্নিগ্ধতা

আচ্ছন্ন অপেক্ষা ~ শুভময় মজুমদার

প্রতি রাত্রেই প্রিয় ধোঁয়ার বেয়াদবি
মস্তিষ্কে এক নেশাতুর ধোঁয়াশাকে
আমার অজান্তেই আশকারা দেয়,
নৈশব্দ্যের আহ্বানে অসংখ্য জোনাকি
ধূলায়িত স্মৃতিপটে নির্ভীক পদার্পনের
বিশ্বস্ত পূর্বাভাস পাঠায়....

বাধ্য শিশুর মতো, আমিও চলে যাই
বারবার, দুষ্টু জোনাকির ডাকে...
একরাশ আবেগ ও কাছে পাওয়ার
একমুঠো উদ্বেগে ওষ্ঠ থেকে শিশ্নো
তোমার স্পর্শানুভুতির খোঁজে হয় অপেক্ষারত

এভাবেই প্রতিরাতে,
স্মৃতিপালঙ্কে জীবাশ্ম হাতড়াই,
অন্তঃপুরে বোবা ডাস্টবিন
হয় ক্ষতবিক্ষত, অবিরত

অসমাধিত ~ মনিদীপা সেন

(১)
তোমার আমার মধ্যে
আড়ে শোয়া একটা
অর্গল ছিল বরাবর।
তুমি লব হলে,
আর আমি হর।
তুমি মৌলিক সংখ্যা
আমি ২ ।
(২)

তোমার আফশোষ মুখ
আমার থেমে যাওয়া বুক।
আমি সাতদিনের মাথায়
কাটাকুটি যাবেনা বুঝে,
কেঁদেছিলাম।
তুমি ফিরতি পথে লিখেছিলে,
R.I.P
(৩)

অসমাধানের পর বুঝলাম
না, পূর্ণ সংখ্যারা নয়।
প্রকৃত ভগ্নাংশদেরই
দম্পতি বলা উচিৎ
আসলে।
যেমন উপসংহারহীন গল্পরাই-
প্রেম 

কক্ষপথ ~ শুভ্রাংশু সামন্ত

ঘুমিয়ে পড়ার আগে যতটুকু দেখি, তলিয়ে যাচ্ছি,
চোখের পাতায় ভাঙাচোরা দুটো চোখ,
ঠাণ্ডা বরফজল,উচ্ছিষ্ট যত কিছু। 
পালানোর গতিবেগ খুঁজছি, পাচ্ছিনা; অথচ,
খালি হাতেই একদিন সরলরেখা এঁকেছিলাম !!
*
বাঁধাধরা নিয়মে ঘুরে মরাটাই যদি জীবন,
তবে সুখ দিও উপবৃত্তাকার পথে,
একটানা রুটিন, ছকে ফেলা দিনে যতরকম
অবাস্তব কল্পনা, সব দিও, ধুলোয় মিশিয়ে দিলেও
দুমুঠো ভরে নেব, লিখব ইন্‌কিলাব !!

*
মেঘ সাজাচ্ছে নানারকম নিম্নচাপ, সক্রিয়
হিমোগ্লোবিন দিনে, আঠাশের মন ব্যস্ত নিকোটিনে।
নিয়তির দোহাই দিই আর আশ্রয়ের লোভে
ঘর সাজাই; আমাকে একটা কক্ষপথ দেবে কেউ ??
আমি অনিয়মিত নিয়মে ঘুরতে চাই।

নিজস্বী ~ মিঠুন চক্রবর্তী

ঘাট থেকে নৌকা ছেড়ে গেলে
শেষ বিকেলের রোদ কেঁপে ওঠে টলটলে জলে,
কুয়াশার মধ্যে আমার ছাই রঙা দাঁড়িয়ে থাকা কিম্বা সহবাস
সবই একান্ত আমার
তোমাকে না বলা কথার বাকলে ঠোক্কর মারে দীর্ঘ রাতের ঠোঁট
আমি আরও সংকুচিত মুঠোয় ধরে রাখি নিজেকে......
শুধু অনেক দূরের রাস্তায় বাই সাইকেলের ক্রিং ক্রিং ডাক খুব চেনা মনে হয়

হানিমুন -(১) ~ সুকান্ত চক্রবর্তী

আমরা চলো ,বয়ে চলি কোনও এক বেসামাল নদী হয়ে,
ভরা বর্ষায় দুকূল ছাপিয়ে , ভাসিয়ে সব সাজানো সম্ভার
আমার তোমার কবেকার । চলো , এই আঁধার রাত, আরও 
বেগে বই , দেখবেনা কেউ ,শুধু অনন্ত সময় মোহনার অপেক্ষায়

গল্প কিংবা সম্ভাবনা ~ লুতফুল হোসেন

জলে পা ডুবিয়ে বসে আছো দেখি
দিনের পর দিন,
অপেক্ষার পলেস্তরায় জমছে দু'পায়ে
খেলাপীর ঋণ 

মমির মতোন প্রাচীন প্রাগৈতিহাসিক ও
কিয়দ নশ্বর
করতলে আমার - প্রোথিত হচ্ছে যেনো কার
প্রবল শিকড়

চাঁদের জন্য অপেক্ষায় থেকে থেকে সেই
জল অবিরল
মিমিক গদ্যের দুর্বোধ্য শ্লোক - বলছে
খুব অনর্গল।
পাতার শরীর জুড়ে লেখা হচ্ছে
একটাই অসফল প্রেমের গল্প

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...